যশোর প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বারবাকপুর এলাকায় পূর্ব বিরোধের জেরে দা দিয়ে কুপিয়ে এক যুবককে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুর আনুমানিক ১২টার দিকে বারবাকপুর হাটখোলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রাজীব হোসেন (৩৬) বারবাকপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাটি টানা ট্রাক্টর দাঁড় করিয়ে টাকা চাওয়াকে কেন্দ্র করে রাজীব হোসেনের সঙ্গে একই এলাকার শাওন (২৫), সাগর (২৮) ও রিয়াজ (২৬)-এর কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিরোধের জেরে অভিযুক্তরা ধারালো দা দিয়ে রাজীবকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত রাজীবকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন।
বর্তমানে রাজীব হোসেন যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
টাকা চাওয়াকে কেন্দ্র করে ঝিকরগাছায় দা’র কোপে যুবক আহত
Share
Read more