যশোর জেনারেল হাসপাতাল থেকে সরকারি মালামাল চুরি,দুই নারী কর্মী আটক

Share

নিজস্ব প্রতিবেদক:
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে সরকারি মালামাল চুরির অভিযোগে দুই নারী কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার পিস সিরিঞ্জ ও ৪৮ পিস প্লাস্টার উদ্ধার করা হয়।
বুধবার (৩ জুন) দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে হাসপাতালের ৩ নম্বর গেটের সামনের রাস্তা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডের পরিচ্ছন্নকর্মী নাদিরা (৪০) এবং সার্জারি ওয়ার্ডের আয়া জ্যোতি (৪০)। তারা উভয়েই যশোর সদর উপজেলার বাসিন্দা।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, পরিচ্ছন্নকর্মী নাদিরা একটি বড় কার্টনের মধ্যে সরকারি মালামাল লুকিয়ে রিকশাযোগে হাসপাতাল থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় হাসপাতাল ক্যাম্পে দায়িত্বরত পুলিশ সদস্যদের সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। তল্লাশিতে কার্টনের ভেতর থেকে ১০টি ছোট বক্সে রাখা ১ হাজার পিস সিরিঞ্জ এবং ৪টি বক্সে থাকা ৪৮ পিস প্লাস্টার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাদিরা ঘটনার সঙ্গে সার্জারি ওয়ার্ডের আয়া জ্যোতির সম্পৃক্ততার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জ্যোতিকেও আটক করা হয়।
আটককৃতদের উদ্ধারকৃত মালামালসহ যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহসান কবির বাপ্পীর কার্যালয়ে নেওয়া হয়। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কোতোয়ালী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় হাসপাতালের আরএমও আহসান কবীর বাপ্পি বলেন তাদের দুই জনের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ বিষয়টি তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করবে।

Read more