নিজস্ব প্রতিবেদক, যশোর:
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে অস্ত্র মামলার আসামি ও কথিত শীর্ষ সন্ত্রাসী মো. কামরুল ইসলাম ওরফে খোঁড়া কামরুল (৪৭) গ্রেফতার হয়েছেন। বুধবার (৩ জুন) বিকেলে শহরের মিশনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ডিবি সূত্র জানায়, যশোর কোতোয়ালি মডেল থানার একটি অস্ত্র মামলায় খালিদুর রহমান টিটু ও শেখ মহিউদ্দিন ফেরদৌসকে গ্রেফতারের পর তারা আদালতে দেওয়া জবানবন্দিতে খোঁড়া কামরুলের নাম উল্লেখ করেন। জবানবন্দিতে বলা হয়, মামলায় জব্দ হওয়া একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও রাউন্ড তাজা গুলি কেনাবেচার সঙ্গে তিনি জড়িত ছিলেন।
এ তথ্যের ভিত্তিতে ডিবির এসআই মো. সালাউদ্দিন খান ও এসআই বাবলা দাসের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে মিশনপাড়ার একটি ভাড়া বাসা থেকে খোঁড়া কামরুলকে গ্রেফতার করে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, খোঁড়া কামরুল দীর্ঘদিন ধরে অস্ত্র ও বিস্ফোরক সংক্রান্ত অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। যশোর শহর ও আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র বেচাকেনা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
পুলিশের তথ্যমতে, খোঁড়া কামরুলের বিরুদ্ধে পূর্বে ১টি হত্যা মামলা, ৬টি অস্ত্র মামলা, ৪টি বিস্ফোরক মামলা, চাঁদাবাজিসহ আরও ৭টি বিভিন্ন মামলা, বিশেষ ক্ষমতা আইনের ১টি মামলা এবং ১টি মাদক মামলা রয়েছে। সব মিলিয়ে তার বিরুদ্ধে ২০টি মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃত খোঁড়া কামরুলের বাড়ি যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকায়। তার বাবার নাম আজিজ উদ্দিন এবং মায়ের নাম মরিয়ম বেগম।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
যশোরে ডিবির অভিযানে শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ গ্রেফতার
Share
Read more