যশোরে চিকিৎসকের অবহেলায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর অভিযোগ

Share

যশোর প্রতিনিধি 
যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  রওশন আরা (৩৫) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় কর্তব্যরত চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছেন স্বজনরা।
মৃত রওশন আরা যশোর শহরের শংকরপুর এলাকার বাসিন্দা এবং আশরাফুল আলমের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ মে ২০২৬) সকাল আনুমানিক ৮টার দিকে নিজ বাড়িতে মাথা ঘুরে চেয়ার থেকে পড়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের লেবার ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে তার মৃত্যু হয়।
মৃত নারীর স্বজনদের অভিযোগ, চিকিৎসকদের অবহেলার কারণেই রওশন আরার মৃত্যু হয়েছে। তবে এ বিষয়ে গাইনি বিভাগের চিকিৎসক ডা. তানজিলা ইয়াসমিন কোনো মন্তব্য করতে রাজি হননি।
অন্যদিকে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন সাফায়েত চিকিৎসা অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “দুপুর পর্যন্ত রোগীটি স্টেবল ছিল। পরে হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি মারা যান। চিকিৎসকদের অবহেলার অভিযোগ ভিত্তিহীন।”
পরে মৃতার মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে যান বলে জানা গেছে।

Read more