যশোরে অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ১৭ মামলার আসামি অনি সহযোগীসহ আ/টক

Share

যশোর প্রতিনিধি
যশোরের শংকরপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী, হত্যা, অস্ত্র, মাদক ও চাঁদাবাজি মামলার আসামি অনিক হাসান ওরফে অনি (২৮) এবং তার সহযোগী তানভীর আহমেদকে (২৫) অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মিরাজুল ইসলাম এসব তথ্য প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন।
ডিবি সূত্র জানায়, গত ২৫ মে ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (চলতি দায়িত্ব) সুজন কুমার মন্ডলের নেতৃত্বে এসআই মো. কামরুজ্জামান, এসআই মো. কামাল হোসেন, এসআই বাবলা দাসসহ একটি চৌকস টিম কোতোয়ালি মডেল থানাধীন যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শংকরপুর বাবলাতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে শরিফুলের মাছ ব্যবসার টংঘরের সামনে ভেড়িবাঁধের ওপর থেকে অনিক হাসান ওরফে অনি ও তানভীর আহমেদকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে অনি তার কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করলে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে একটি ৭.৬৫ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। একই সময় তানভীরের কাছ থেকে একটি ফোল্ডিং চাকু উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অনিক হাসান ওরফে অনি শংকরপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ মোট ১৭টি মামলা রয়েছে। এছাড়াও সাতটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মুলতবি রয়েছে। অপরদিকে তানভীর আহমেদের বিরুদ্ধে একটি নারী নির্যাতন মামলা রয়েছে। আটক আনি শহরের শংকরপুর এলাকার আলতাফ হোসেন আরজুর ছেলে ও তানভির একই এলাকার তরিকুলের ছেলে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

Read more