যশোর প্রতিনিধি: যশোরের মনিরামপুরে পূর্ব শত্রুতার জেরে রবিউল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। সোমবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নের শ্যামনগর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রবিউল ইসলাম শ্যামনগর গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে।
অভিযোগ রয়েছে, একই উপজেলার বিপ্রকোণা গ্রামের জুলফিকারের ছেলে জহুরুল ইসলাম (৫০) পূর্ব বিরোধের জেরে রবিউল ইসলামের ওপর হামলা চালান। এসময় তিনি দা দিয়ে রবিউলের বাম কাঁধ ও পিঠে আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন।
পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
বর্তমানে রবিউল ইসলাম যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।