যশোর প্রতিনিধি
যশোরের শার্শায় বিশেষ অভিযান চালিয়ে ১৮৮ বান্ডিল আমদানি নিষিদ্ধ বিদেশি ফিসিং নেট জব্দ করেছে পুলিশ। এ সময় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
শনিবার (২৩ মে) রাত ১১টা ১৫ মিনিটের দিকে শার্শা থানাধীন বাগুড়ী এলাকার বেলতলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
শার্শা থানা সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মো. মোস্তাক আহামেদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বেলতলা বাজারে ট্রাক বন্দোবস্তকারী অফিসের সামনে অভিযান চালায়। এ সময় একটি পুরাতন সাদা রঙের টয়োটা প্রাইভেটকার তল্লাশি করে ৫টি প্লাস্টিকের বস্তার মধ্যে রাখা ১৮৮ বান্ডিল বিদেশি ফিসিং নেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ফিসিং নেটের মধ্যে রয়েছে ৮০ বান্ডিল “ELEPHANTA FISHING TACKLE”, ৬৮ বান্ডিল “KEERIN FISHING TACKLE” এবং ৪০ বান্ডিল “GOLD CUP” ব্র্যান্ডের ফিসিং নেট। এছাড়া ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় ঝিকরগাছা উপজেলার কুলবাড়িয়া গ্রামের মৃত হোসেন আলী পশারীর ছেলে মো. রফিক পশারীকে (৬১) গ্রেফতার করা হয়। তবে প্রাইভেটকারের চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে রোববার (২৪ মে) আদালতে পাঠানো হয়েছে।
যশোরের শার্শায় আমদানি নিষিদ্ধ বিদেশি ফিসিং নেটসহ আটক ১
Share
Read more