যশোর অফিস
যশোরের চৌগাছায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ফেনসিডিলজাতীয় সিরাপ ও গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং অপরজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে চৌগাছা উপজেলার বড় কাবিলপুর এলাকায় অভিযান চালিয়ে আমিনুর রহমান পুতুল (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই গ্রামের শুকুর আলীর ছেলে। এ সময় তার বসতঘর থেকে ৬৫ বোতল উইন সেরেক্স সিরাপ উদ্ধার করা হয়।
এ ঘটনায় উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
অপরদিকে, একইদিন বিকেল ৫টার দিকে হাকিমপুর মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ মো. জামাল (৪০) নামে আরেক ব্যক্তিকে আটক করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জি. এম. এ. মুনীবের ভ্রাম্যমাণ আদালত তাকে ১০০ টাকা অর্থদণ্ড ও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।