যশোরে এএফসি গ্রাসরুট ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহ উপলক্ষে প্রস্তুতি সম্পন্ন

Share

যশোর অফিস:বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে এএফসি গ্রাসরুট ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে যশোরে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ২৩ মে শনিবার সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের হামিদপুর সংলগ্ন শামসুল হুদা ফুটবল একাডেমি মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের উদ্বোধন করবেন জাতীয় সংসদের  স্পিকার বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সালো কার্লোস সেসা, পাকিস্তান হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যাটাচি জাইন আজিজ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালের।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যশোরের জেলা প্রশাসক ও জেলা মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, শামসুল হুদা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও র‍্যাডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস এবং জাহেদী ফাউন্ডেশনের কর্ণধার মো. নাসের শাহরিয়ার জাহেদী, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আয়োজক সূত্রে জানা গেছে, ৭ থেকে ১৩ বছর বয়সী প্রায় ৮০০ ক্ষুদে ফুটবলার এ কর্মসূচিতে অংশগ্রহণ করবে। তৃণমূল পর্যায়ে ফুটবলের বিকাশ ও নতুন প্রতিভা অন্বেষণের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

আয়োজকরা আরও জানান, বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে তৃণমূল পর্যায়ে ফুটবল উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে একটি পারস্পরিক সহযোগিতা চুক্তি রয়েছে। এর ধারাবাহিকতায় প্রতিবছর এএফসি গ্রাসরুট ফুটবল ডে আয়োজন করা হয়, যা দেশের তৃণমূল ফুটবল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Read more