যশোরে জমি বিক্রির নামে সাড়ে ৬৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

Share

নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে জমি বিক্রির নামে সাড়ে ৬৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (১৯ মে) কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতারণার শিকার আব্দুর রহমান ও তার অংশীদাররা।
অভিযোগ সূত্রে জানা যায়, রঘুরামপুর মৌজার ৫১ নম্বর খতিয়ানের আরএস ১৬৪/২৩৪ এসএ দাগের ১৬২, ৩২, ৩৩, ২৯ ও ৩১ নম্বর দাগে মোট ৩৪ দশমিক ৫০ শতক জমি বিক্রির কথা বলেন একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মোকাদ্দেস আলী। পরে আব্দুর রহমান ও তার অংশীদার আফতাব হোসেন মারুফ, সাজ্জাদ হোসেন রিপন ও ইরাফাত ইসলাম সজীব জমিটি কেনার আগ্রহ প্রকাশ করেন।
পরে উভয় পক্ষের সমঝোতায় বাজারমূল্য অনুযায়ী জমির দাম নির্ধারণ করা হয় ৬৯ লাখ ৫০ হাজার টাকা। অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ২৪ নভেম্বর প্রথমে ১০ লাখ টাকা পরিশোধ করা হয়। পরবর্তীতে ধাপে ধাপে পুরো টাকা পরিশোধ করেন ক্রেতারা।
চুক্তি অনুযায়ী চলতি বছরের ১২ মার্চ জমি রেজিস্ট্রি করার কথা ছিল। ওইদিন অভিযুক্ত মোকাদ্দেস আলী রেজিস্ট্রি অফিসে গেলেও কাগজে স্বাক্ষর না করে কৌশলে সেখান থেকে চলে যান বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয়ভাবে একাধিক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশে জমির বর্তমান বাজারমূল্য অনুযায়ী টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হলেও অভিযুক্ত তা পরিশোধ না করে নানা টালবাহানা করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
প্রতারিতরা আশঙ্কা প্রকাশ করে বলেন, তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এবং জমির বাবদ দেওয়া টাকা ফেরত পাওয়াও অনিশ্চিত হয়ে পড়েছে। পরে বাধ্য হয়ে তারা কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন।
কোতোয়ালি থানার এএসআই ইয়ার আলী অভিযোগের তদন্ত শুরু করেছেন বলে জানা গেছে।

Read more