যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়া গ্রামে দিনের বেলায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। এ ঘটনায় টিটাস খান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তাসলিমা খাতুন স্থানীয় একটি মাছ কোম্পানিতে চাকরি করেন। তার স্বামী রাজু আহমেদ ফার্নিচারের কাজ করেন। গত ১৯ মে সকালে তারা দুজনই কর্মস্থলে চলে যান। সন্ধ্যায় বাড়িতে ফিরে এসে ঘরের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান।
পরে তাসলিমা খাতুন এসে দেখতে পান, ঘরের ছাদের নিচের গাঁথা ইট ভেঙে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করেছে। এ সময় নগদ ৫৬ হাজার টাকা, দুই আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল এবং ১২ হাজার টাকা মূল্যের একটি ভিভো মোবাইল ফোনসহ প্রায় ১ লাখ ৮ হাজার টাকার মালামাল চুরি হয়েছে।
ঘটনার পর স্থানীয়দের সঙ্গে আলোচনা করে টিটাস খান ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে টিটাস খানকে গ্রেফতার করে বুধবার আদালতে সোপর্দ করেছে।