যশোর অফিস:আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেলার পশুর হাটগুলোতে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা করেছে যশোর জেলা পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
সভায় আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন পশুর হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা, যাতায়াত সুবিধা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
পুলিশ সুপার বলেন,ঈদ ও পশুর হাটকে সামনে রেখে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পশুর হাটগুলোতে ইউনিফর্ম ও সাদা পোশাকে বিপুল সংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। হাট ও আশপাশের এলাকায় সার্বক্ষণিক নজরদারি থাকবে।
তিনি আরও বলেন, ঈদের সময় জাল টাকার প্রচলন বৃদ্ধি পায়। এ কারণে হাট ইজারাদারদের জাল টাকা শনাক্তকরণ মেশিন রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি কোনো ধরনের চাঁদাবাজি বা অনিয়মের চেষ্টা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
এ ধরনের কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত পুলিশকে জানানোর জন্যও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান পুলিশ সুপার।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ সাখাওয়াত হোসেন, ডিআই-১ যশোরসহ জেলার বিভিন্ন পশুর হাটের ইজারাদাররা উপস্থিত ছিলেন।