যশোর অফিস
যশোর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৮ মে) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর সদস্যরা বেনাপোল বিওপি,বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করেন।
বিজিবি সূত্র জানায়, অভিযানে ভারতীয় ৩৭টি শাড়ি, একটি থ্রি-পিস, এক কেজি জিরা, দুই প্যাকেট ফুসকা, ২২ প্যাকেট পাতার বিড়ি, ৫৩টি সিটিগোল্ড আইটেম, ৪২১টি চকলেট এবং ৩০০টি কসমেটিকস সামগ্রী আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৪ লাখ ৬৬ হাজার ২০০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে।