যশোর প্রতিনিধি
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোটরসাইকেলের ওপর অগ্রিম আয়কর (AIT) আরোপের প্রস্তাব প্রত্যাহারের দাবিতে যশোরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ বাইকার অ্যাসোসিয়েশন, যশোর জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন বাইকিং কমিউনিটির প্রায় ৫০ থেকে ৬০ জন বাইকার অংশ নেন।
মানববন্ধনে নেতৃত্ব দেন যশোর বাইকিং কমিউনিটির অ্যাডমিন ও সংগঠনের সভাপতি এস কে সুজন। পরে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রস্তাবিত বাজেটে ১১০-১২৫ সিসি মোটরসাইকেলের জন্য বার্ষিক ২ হাজার টাকা, ১২৬-১৬৫ সিসির জন্য ৫ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি মোটরসাইকেলের জন্য ১০ হাজার টাকা অগ্রিম আয়কর নির্ধারণ করা হয়েছে। এতে দেশের লাখো মোটরসাইকেল ব্যবহারকারীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে দাবি করেন তারা।
বক্তারা বলেন, বর্তমানে মোটরসাইকেল শুধু শখের বাহন নয়; বরং চাকরিজীবী, শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ী, রাইড শেয়ার চালকসহ বিভিন্ন পেশার মানুষের দৈনন্দিন যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম। নারী ব্যবহারকারীদের নিরাপদ চলাচলেও মোটরসাইকেলের ভূমিকা রয়েছে।
তারা আরও বলেন, মোটরসাইকেল কেনার সময় রেজিস্ট্রেশন ফি, রোড ট্যাক্স, ফিটনেস, বীমা ও জ্বালানির ওপর বিদ্যমান কর পরিশোধের পর নতুন করে অগ্রিম আয়কর আরোপ সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা মোটরসাইকেলকে বিলাসপণ্য হিসেবে বিবেচনা না করার আহ্বান জানান এবং প্রস্তাবিত অগ্রিম আয়কর প্রত্যাহার অথবা যৌক্তিক পর্যায়ে পুনর্বিবেচনার দাবি জানান।
যশোরে মোটরসাইকেলে অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
Share
Read more