যশোরে ছাত্রাবাস থেকে চট্টগ্রামের এক ব্যক্তির  মরদেহ উদ্ধার

Share

যশোর অফিস: যশোর শহরের পুলিশ লাইন কদমতলা এলাকায় একটি ছাত্রাবাস থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ মে) বিকেলে বাংলাদেশ পুলিশ এর কোতোয়ালী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল চারটার দিকে যশোর পুলিশ লাইন এলাকার মশিউর রহমান সড়কে অবস্থিত ‘স্বপ্নবিলাশ’ নামের একতলা টিনশেড ছাত্রাবাসের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত ইব্রাহিম খলিল রিপন (৩৮),  চট্টগ্রামের পাহাড়তলী থানার মৌসুমি আবাসিক এলাকার বাসিন্দা এবং শফিউল্লার ছেলে।

স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহতের বড় ভাইয়ের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ইব্রাহিম খলিল রিপন ২০১৭ সালে বিদেশ থেকে দেশে ফেরার পর বাড়ি ছেড়ে চলে যান। এরপর পরিবারের সঙ্গে তার তেমন যোগাযোগ ছিল না।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, রিপন বিভিন্ন সময় পাসপোর্ট অফিসসহ একাধিক প্রতিষ্ঠানে চাকরি করেছেন।

মরদেহ উদ্ধারের পর পুলিশ আইনগত প্রক্রিয়া শুরু করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Read more