যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিনের জন্য বাড়াতে সম্মত হয়েছে ইসরাইল ও লেবানন। শুক্রবার (১৫ মে) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আরেক দফা আলোচনার পর এ সিদ্ধান্তে আসে দেশ দুইটি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানান, দুই দিনের রুদ্ধদ্বার বৈঠকের পর যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়টি চূড়ান্ত হয়েছে এবং আগামী জুনে এ নিয়ে আরও আলোচনা হবে। ইসরাইল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ রবিবার শেষ হওয়ার কথা ছিলো।
এদিকে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও লেবাননে হামলা ও হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। শুক্রবার আরও অন্তত ১২ জন নিহত হয়েছেন। অন্যদিকে, পরমাণু কর্মসূচি দুই দশকের জন্য স্থগিত করার শর্তে ইরানের প্রতি আন্তরিক হওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের পক্ষ থেকে আলোচনার আহ্বান পেলেও এ পর্যন্ত আস্থার জায়গা তৈরি হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্র আন্তরিক হলেই আলোচনায় যাবে তেহরান, স্পষ্ট বার্তা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর।