যশোর প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে বাগআঁচড়া ইউনিয়নের আমতলা এলাকায় এ অভিযান চালানো হয়।
ডিবি পুলিশের এসআই বাবলা দাস, এএসআই হাফিজুর রহমান ও এএসআই নাজমুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে আটক করা হয় ইসরাফিল হোসেন ও সাদ্দাম হোসেন নামে দুই যুবককে। তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আটক ইসরাফিল হোসেন আমলাই গ্রামের বাসিন্দা এবং সাদ্দাম হোসেন বাগআঁচড়া সাতমাইল মাঠপাড়া এলাকার বাসিন্দা।
ডিবি পুলিশ জানায়, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চললেও মূল গডফাদাররা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। মাঝে মধ্যে ছোটখাটো কারবারিদের আটক করা হলেও মাদকের মূল হোতারা রাজনৈতিক ছত্রছায়ায় থেকে যাচ্ছে বলে অভিযোগ ওঠে।
এদিকে অভিযানের সময় একটি দামি মোটরসাইকেল জব্দ করা হলেও পরে সেটি থানায় না নিয়ে আসামিদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ডিবি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর সুজন কুমার মণ্ডল বলেন, উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে এবং আটক দুইজনকে আদালতে পাঠানো হয়েছে।