যশোর প্রতিনিধি
“আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত পুলিশ সপ্তাহ-২০২৬ এ প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র তিনজন সাব-ইন্সপেক্টর (এসআই) এবং পিবিআই যশোরের একজন এসআই ‘পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস (আইজিপি) ব্যাজ-২০২৫’ অর্জন করেছেন।
গত ১০ থেকে ১৩ মে পর্যন্ত রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বর্ণাঢ্য প্যারেড ও নানা আয়োজনের মধ্য দিয়ে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য আইজিপি ব্যাজ প্রদান।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, সততা, কর্তব্যনিষ্ঠা ও শৃঙ্খলাপূর্ণ আচরণের মাধ্যমে বিশেষ অবদান রাখায় যশোর জেলা পুলিশের তিন সদস্য এ সম্মানজনক আইজিপি ব্যাজ অর্জন করেন।
আইজিপি ব্যাজপ্রাপ্ত যশোর ডিবি পুলিশের সদস্যরা হলেন— এসআই অলক কুমার দে (পিপিএম), এসআই (নিঃ) কামাল হোসেন এবং এসআই মো. কামরুজ্জামান।
এদিকে, অপরাধ তদন্তে দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ একই অনুষ্ঠানে ‘পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ-২০২৫’ অর্জন করেন পিবিআই যশোর জেলার এসআই মো. আলমগীর হোসেন। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির তার হাতে এ সম্মাননা তুলে দেন।
এ অর্জনে যশোর জেলা পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট সদস্যদের অভিনন্দন জানিয়েছেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান। অন্যদিকে পিবিআই যশোর জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. কামরুজ্জামান এসআই আলমগীর হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান।