যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১ হাজার ৭২ পরীক্ষার্থী

Share

যশোর প্রতিনিধি
বৃহস্পতিবার (১৪ মে) অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীনে তিনটি বিষয়ে মোট ১ হাজার ৭২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
যশোর শিক্ষা বোর্ড সূত্র জানায়, এদিন রসায়ন (তত্ত্বীয়), পৌরনীতি ও নাগরিকতা এবং ব্যবসায় উদ্যোগ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ৭৯ হাজার ১৮৬ জন শিক্ষার্থীর। এর মধ্যে অংশ নেয় ৭৮ হাজার ১১৪ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ৭২ জন।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বোর্ডের অধীন ২৯৯টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় জেলা ভিত্তিক অনুপস্থিতির সংখ্যা হলো— খুলনায় ১৫০ জন, বাগেরহাটে ১০০ জন, সাতক্ষীরায় ৮৪ জন, কুষ্টিয়ায় ১৭৪ জন, চুয়াডাঙ্গায় ৮৩ জন, মেহেরপুরে ৯০ জন, যশোরে ১৪৯ জন, নড়াইলে ৬১ জন, ঝিনাইদহে ১৩১ জন এবং মাগুরায় ৫০ জন।

Read more