যশোর প্রতিনিধি :
ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসা সাতক্ষীরা লাইনের একটি বাস থেকে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে যশোর জেনারেল হাসপাতাল মোড়ে নামিয়ে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে বাসের সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে।
বুধবার রাত পৌনে ১২টার দিকে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি যশোর জেনারেল হাসপাতাল মোড়ে থামিয়ে সুপারভাইজার ও হেলপার ধরাধরি করে অচেতন ওই ব্যক্তিকে নামিয়ে শওকত মেডিকেলের পাশে অবস্থিত আল-মদিনা ফার্মেসির সামনে ফেলে রেখে দ্রুত চলে যায়।
স্থানীয়দের ধারণা, লোকটি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন। তার কাছে থাকা একটি পলিথিন ব্যাগে পাওয়া বাসের টিকিট থেকে জানা যায়, তিনি বুধবার বিকেলে ঢাকা গাবতলী থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে বাসে যাত্রা করেছিলেন।
কিছু সময় ওই ব্যক্তি রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা যশোর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) বাবুল সাহেবকে ফোনে বিষয়টি জানান। পরে পুরাতন কসবা ফাঁড়ির এএসআই তরিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অচেতন ব্যক্তিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এদিকে, অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় শনাক্ত ও তার পরিবারের কাছে খবর পৌঁছে দিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিসহ পোস্ট দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি মানবিক দৃষ্টিকোণ থেকে কেউ তার চিকিৎসার খোঁজখবর বা সহযোগিতা করলে উপকার হবে বলেও জানান তারা।
যশোরে অচেতন অবস্থায় বাসযাত্রী উদ্ধার, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ার আশঙ্কা
Share
Read more