যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলার উপশহর ইউনিয়নে জমি দখল, প্রাণনাশের হুমকি ও পরিবারের নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন নাজমুন নাহার মুক্তি। বুধবার (১৩ মে) দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, স্থানীয় যুবলীগ নেতা হাদিউজ্জামান চিমা ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে তাদের মালিকানাধীন জমি জোরপূর্বক দখল করে সেখানে স্থাপনা নির্মাণ করে বসবাস করে আসছিলেন।
তিনি অভিযোগ করেন, বিষয়টি নিয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে একাধিকবার অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি। পরে আদালতে মামলা দায়েরের পর চলমান মামলার প্রেক্ষিতে সংশ্লিষ্ট হাউজিং কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হয়। অভিযোগের ভিত্তিতে গত ১০ মে অভিযান পরিচালনা করে দখলকৃত জমি উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, উচ্ছেদ অভিযানের পর প্রতিপক্ষের কয়েকজন সদস্য তার বড় সন্তানকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে, যার নম্বর ১০৬২। এছাড়া পূর্বেও তাদের বসতবাড়িতে হামলা ও প্রাণনাশের হুমকির ঘটনায় জিডি নম্বর ৭৭৬ দায়ের করা হয়েছিল বলে দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড, ভূমিদস্যুতা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। বর্তমানে বিভিন্ন মামলার কারণে তাদের অনেকেই পলাতক রয়েছে। জমি দখলমুক্ত হওয়ার পরও পুনরায় সেখানে অবস্থান করে তাদের জমিতে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন নাজমুন নাহার মুক্তি, তার বাবা মো. তৌফায়েল আহমেদ, প্রতিবেশী সিরাজ খান ও আব্দুল্লাহ আল আজাদ।