পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে নির্যাতনের শিকার হয়ে এক চোখের দৃষ্টি হারিয়েছেন বলে দাবি করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মহাসচিব সালমান আকরাম রাজা।
বুধবার (১৩ মে) ইসলামাবাদে সুপ্রিম কোর্টের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ইমরান খানকে এক হাজার দিন ধরে কারাবন্দি রাখা হয়েছে। কারাগারে তাকে মৌলিক অধিকার থেকেও বঞ্চিত করা হচ্ছে।’ খবর জিও নিউজের।
এর আগে গত ২৮ এপ্রিল পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিমস) ইমরান খানকে চোখে চতুর্থবারের মতো ইনট্রাভিট্রিয়াল ইনজেকশন দেওয়া হয়।
সালমান আকরাম রাজা অভিযোগ করেন, কারাগারে ইমরান খানের স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। তিনি আরও দাবি করেন, ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে সাক্ষাতের ক্ষেত্রেও নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও দেখা করতে দেওয়া হচ্ছে না কাউকেই।
সুপ্রিম কোর্টে জমা দেওয়া এক প্রতিবেদনে তার আইনজীবী ও আদালতের অ্যামিকাস কিউরি সালমান সাফদার জানান, ইমরান খান ‘সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন’ (সিআরভিও) নামের জটিল চোখের রোগে আক্রান্ত। এ রোগে রেটিনা থেকে রক্ত সরবরাহকারী প্রধান শিরা বন্ধ হয়ে যায়। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল ও হৃদরোগের মতো সমস্যার সঙ্গে এর সম্পর্ক রয়েছে।
সালমান আকরাম রাজা আরও অভিযোগ করেন, ইমরান খানের আইনগত নথিতে স্বাক্ষর করতে বাধা দেওয়া হচ্ছে। কেবল নির্দিষ্ট কিছু ব্যক্তিকেই তার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে। এমনকি তার বোনদেরও দেখা করতে দেওয়া হচ্ছে না বলে দাবি করেন তিনি।
দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরে সালমান আকরাম রাজা বলেন, পাকিস্তানের অর্থনীতি ধ্বংসের মুখে। খাইবার পাখতুনখোয়া ‘রক্তে ভেসে যাচ্ছে’। একই সঙ্গে তিনি বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করারও অভিযোগ তোলেন।