যশোর প্রতিনিধি
যশোরের শার্শা ও সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদক ও বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বিকেল ৩টার দিকে শার্শা উপজেলার গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। এসময় ভারতীয় ৩০ বোতল নেশাজাতীয় সিরাপসহ মিনারুল ইসলাম (২১) নামে এক যুবককে আটক করা হয়। তিনি গোগা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
বিজিবি সূত্র জানায়, উদ্ধার হওয়া সিরাপগুলোর আনুমানিক মূল্য ৩২ হাজার টাকা। আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শার্শা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
অন্যদিকে একই দিনে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ৬৬টি শাড়ি, ৯ কেজি চা-পাতা এবং ২০৯টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করে। জব্দকৃত এসব চোরাচালানি পণ্যের আনুমানিক মূল্য ১১ লাখ ২১ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।