বিশেষ প্রতিনিধি
প্রেম ও দাম্পত্য সম্পর্কের জেরে গোপন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে যশোরে পৃথক দুই ঘটনায় আদালতের দ্বারস্থ হয়েছেন দুই তরুণী। অভিযোগগুলোর প্রেক্ষিতে আদালত আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
প্রথম ঘটনায় যশোরের ঝিকরগাছা উপজেলার কাটাখালি রূপনগর গ্রামের আব্দুল হামিদের ছেলে আব্দুর রহমান রিজভীর বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে অভিযোগ দায়ের করেছেন তার স্ত্রী। আদালত অভিযোগটি আমলে নিয়ে নিয়মিত মামলা হিসেবে গ্রহণের জন্য মনিরামপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২২ এপ্রিল তাদের বিয়ে হয়। পরে পারিবারিক বিরোধের জেরে আলাদা বসবাস শুরু করেন তারা। অভিযোগে বলা হয়, একসঙ্গে থাকার সময় কৌশলে স্ত্রীর ব্যক্তিগত ছবি ধারণ করেন স্বামী। পরবর্তীতে ফেসবুকে পেজ খুলে সেই ছবি ছড়িয়ে দেওয়া হয়।
ভুক্তভোগীর দাবি, গত ৪ মে ফোন করে তাকে হুমকি দেওয়া হয় যে বৈবাহিক সম্পর্ক বজায় না রাখলে আরও ব্যক্তিগত ছবি প্রকাশ করা হবে। এছাড়া হোয়াটসঅ্যাপ, ইমো ও মেসেঞ্জারেও আপত্তিকর ছবি পাঠানো হয়। এতে তিনি সামাজিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।
অপর ঘটনায় ঝিকরগাছার হাড়িয়াদেওড়া গ্রামের নিয়াজ মাহমুদ মাহিনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছেন এক তরুণী। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাকিব আহমেদ ইমন অভিযোগটি আমলে নিয়ে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে ভিডিও কলে কথা বলার সময় গোপনে তরুণীর আপত্তিকর ছবি ধারণ করা হয়। পরে তিন লাখ টাকা দাবি করে ব্ল্যাকমেইল করা হয় এবং টাকা না দিলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
ভুক্তভোগী টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে বাড়ির সামনে ডেকে পাঠানো হয়। সেখানে গিয়ে ছবি মুছে ফেলার অনুরোধ জানালেও টাকা ছাড়া তা সম্ভব নয় বলে জানিয়ে চলে যান অভিযুক্ত। পরে বাধ্য হয়ে আদালতের আশ্রয় নেন ওই তরুণী।