যশোর প্রতিনিধি
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফার্মেসি বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে ভালো বন্ধু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক বন্ধু একজন শিক্ষার্থীকে সফলতার পথে এগিয়ে নিতে সহায়তা করে। পাশাপাশি সময়ের সঠিক ব্যবহার করে নিজেদের ক্যারিয়ার গঠনের আহ্বান জানান তিনি।
ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এফ এম শহিদ উদ্ দৌলার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তার, ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. কিশোর মজুমদার এবং সাভিয়ার বাংলাদেশের অপারেশনের মার্কেটিং ডিরেক্টর মঈন উদ্দিন আন্দালিবসহ অনেকে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থী রাফিয়া তানজিম আফরিন ও বিউটি রানী দে। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।