নিজস্ব প্রতিবেদক
যশোরে পৃথক চুরির ঘটনায় জড়িত সন্দেহে চার যুবককে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। শুক্রবার দিবাগত গভীর রাতে শহরের চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— যশোর সদর উপজেলার কৃষ্টবাটি গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে রিদয় ইসলাম সুমন (৩০), ফরিদপুর জেলার সদর থানার ঠাকুরপুর গ্রামের বর্তমান যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের নালিয়া গ্রামের আশরাফুল বিশ্বাসের ছেলে নাজমুল বিশ্বাস, একই উপজেলার পাগলাদাহ গ্রামের পাগলা মধুর ছেলে সেন্টু মিয়া এবং শহরের বারান্দীপাড়া লিচুতলা এলাকার মৃত আবুল কাশেমের ছেলে আব্দুল কাদের।
পুলিশ জানায়, গত ১১ এপ্রিল বিকেল ৫টা থেকে ১৯ এপ্রিল সকাল সাড়ে ১০টার মধ্যে যশোর শহরের ডালমিল রাজা বরদাকান্ত রোড এলাকার মিরপুর ইনস্টিটিউট অব নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ভবনের নিচতলা ও চতুর্থ তলার ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন মালামালসহ প্রায় ১২ লাখ টাকার সম্পদ চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানের কর্মকর্তার দায়ের করা মামলার তদন্তে রিদয় ইসলাম সুমনের সম্পৃক্ততার তথ্য পেয়ে পুলিশ তাকে আটক করে।
এছাড়া শহরের খড়কী এলাকার একটি বাড়িতে গত বছরের ২৫ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর রাতের মধ্যে সংঘটিত আরেকটি চুরির ঘটনায় নাজমুল বিশ্বাস, সেন্টু মিয়া ও আব্দুল কাদেরকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
যশোরে চোর সন্দেহে চার যুবক আটক
Share
Read more