নিজস্ব প্রতিবেদক
মেয়াদোত্তীর্ণ, উৎপাদনের তারিখবিহীন ও অনুমোদনহীন উপাদান ব্যবহার করে তৈরি শিশুখাদ্য বিক্রির অভিযোগে যশোরের শার্শায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে বিপুল পরিমাণ ঝুঁকিপূর্ণ শিশুখাদ্য জব্দ করা হয়েছে।
অভিযানে জানা যায়, ঠিকানাবিহীন একটি কারখানায় তৈরি এসব খাদ্যপণ্য বিভিন্ন দোকানে সরবরাহ করা হচ্ছিল। পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা এবং অনুমোদনহীন কেমিক্যাল ও রং ব্যবহারের অভিযোগে এগুলো জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, এসব খাদ্য শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। দীর্ঘদিন এ ধরনের খাদ্য গ্রহণে শিশুদের বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি কিডনি জটিলতাসহ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।
অভিযানে শার্শা উপজেলার নাভারণ বাজার এলাকার বিসমিল্লাহ স্টোরের মালিক বিল্লাল হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারায় ৫০ হাজার টাকা এবং ৪৫ ধারায় আরও ৫০ হাজার টাকা, মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা খাদ্যপণ্য ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান খান, ক্যাব যশোরের প্রতিনিধি ও শার্শা থানা পুলিশ সদস্যরা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় বাজারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শার্শায় মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বিক্রি, ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা
Share
Read more