বিশেষ প্রতিনিধি
যশোরের বহুল আলোচিত আলমগীর হত্যা মামলার গুরুত্বপূর্ণ আসামি ও এলাকার চিহ্নিত সন্ত্রাসী রাকিব ওরফে ‘ভাইপো রাকিব’কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে কোতোয়ালী থানার শংকরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত রাকিব (৩০) শংকরপুর এলাকার কাজি তৌহিদ হোসেনের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও বিস্ফোরকসহ মোট ২৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবি সূত্র জানায়, গত ৩ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে যশোর শহরের শংকরপুর ইসহাক সড়ক সংলগ্ন হুদা মেমোরিয়ালের পাশে সাবেক কাউন্সিলর নয়নের অফিসের সামনে মোটরসাইকেলে এসে পৌঁছালে আলমগীর হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। চলন্ত মোটরসাইকেল থেকে মাথা লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পূর্বে ডিবি পুলিশের এসআই অলক কুমার দে পিপিএমের নেতৃত্বে পরিচালিত অভিযানে মামলার মূল শুটার ত্রিদিপ চক্রবর্তী মিশুক (৩০), মনিরুল ইসলাম (২৮)সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিদের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে অভিযান চালিয়ে রাকিবকে আটক করা হয় বলে জানিয়েছে ডিবি পুলিশ।
ডিবির এসআই অলক কুমার দে পিপিএম, এসআই কামাল হোসেন ও এসআই সালাউদ্দিন খানের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গ্রেফতারের পর রাকিবকে আদালতে সোপর্দ করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যাসহ ২৭ মামলার আসামি‘ভাইপো রাকিব’আ/টক
Share
Read more