নিজস্ব প্রতিবেদক: যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট পরিপূর্ণ ভাবে চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশের সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে যশোর ৩ আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত করোনারি কেয়ার ইউনিটের পরিপূর্ণ সেবা প্রদানে যশোরবাসীকে দেয়া তার নির্বাচনী প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। এ সময় সেখানে উপস্থিত স্বাস্থ্য সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরীকে যশোরের করোনারি কেয়ার ইউনিট দ্রুততম সময়ের মধ্যে চালুর লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্ৰহণের নির্দেশ প্রদান করেন।
২০০১ সালে বিএনপি সরকারের আমলে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে যশোরে একটি পূর্ণাঙ্গ ‘করোনারি কেয়ার ইউনিট’ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল। সে সময় বিল্ডিং নির্মাণ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনাও সম্পন্ন হয়ে। কিন্ত সরকার পরিবর্তনের পর সেই ইউনিটটি পরিপূর্ণ ভাবে চালু করা সম্ভব হয়নি।
ইতিপূর্বে সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপনের সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লেখ করেছিলেন, দীর্ঘ ১৯ বছর ধরে ওই মূল্যবান যন্ত্রপাতিগুলো অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে নষ্ট হয়ে গেছে। সরকারি অর্থের এই অপচয় এবং দায়িত্বশীল কর্তৃপক্ষের চরম অবহেলার কারণেই এলাকাবাসীকে জরুরি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হতে হয়েছে দীর্ঘ দিন ধরে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের পরিপূর্ণ সেবা চালু প্রসঙ্গে আলাপকালে যশোরের সিভিলে সার্জন মাসুদ রানা বলেন, প্রতিমন্ত্রী মহোদয় প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা আমাদেরকে অবহিত করে অফিস ওয়ার্ক শুরু করতে বলেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্ৰহণে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি।