দোকান ভাড়া নিয়ে বিরোধে নোয়াপাড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Share

নিজস্ব প্রতিবেদক, যশোর
যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া বাজারে দোকান ভাড়া সংক্রান্ত বিরোধের জেরে আনিসুর রহমান (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। বুধবার রাত আটটার দিকে নোয়াপাড়া বাজারে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান “জয়েন্ট ট্রেডিং”-এর সামনে এ ঘটনা ঘটে।
নিহত আনিসুর রহমান অভয়নগর উপজেলার বোয়ালমারী পোল এলাকার মৃত মজিদ সরদারের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আনিসুর রহমান সম্প্রতি একটি ভবন নির্মাণ করেন। ওই ভবনের একটি দোকান ভাড়া নেওয়ার জন্য শাহ মাহমুদ হাসান একাধিকবার তার সঙ্গে যোগাযোগ করেন। তবে আনিসুর রহমান দোকান ভাড়া দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
বুধবার রাত আটটার দিকে শাহ মাহমুদ হাসানসহ আরও দুই-তিনজন সহযোগী নোয়াপাড়া বাজারে আনিসুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এসে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। তবে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
পরে অভয়নগর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Read more