যশোরে আবারো নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে বিক্ষোভ মিছিলের দাবি, আটক ১

Share

যশোর প্রতিনিধি 
যশোর শহরে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে আবারও একটি বিক্ষোভ মিছিল বের করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে শহরের বাবলাতলা মাইক্রোস্ট্যান্ড এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাঠালতলা রায়পাড়া এলাকার বজুল খলিফার ছেলে শাহাদৎকে আটক করেছে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা। মঙ্গলবার বিকেলে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, এর আগে শহরের গরীবশাহ রোডে অনুষ্ঠিত একটি মিছিলের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারভুক্ত আসামি শাহাদৎ। মঙ্গলবারের মিছিলেও তার উপস্থিতি লক্ষ্য করা গেছে বলে দাবি পুলিশের।
পুলিশ আরও জানায়, আটক শাহাদৎকে বুধবার আদালতে পাঠানো হবে।
অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে দাবি করা হচ্ছে, মিছিলটির আয়োজন করেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল। আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকটি ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করা হয়েছে এবং বিপুল নিজেও সেটি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেছেন।

Read more