যশোর প্রতিনিধি:
যশোর শহরে রাতের আঁধারে সরকারবিরোধী মিছিল করার অভিযোগে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। কোতোয়ালি থানার এসআই আশরাফ উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মামলাটি করেন।
মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন “বাংলাদেশ যুবলীগ”-এর ব্যানারে মিছিল করার অভিযোগ আনা হয়েছে। এতে সাবেক মন্ত্রী ও পাঁচজন সাবেক সংসদ সদস্যসহ মোট ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন যশোর-৬ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, যশোর-৪ আসনের সাবেক এমপি রণজিৎ রায়, যশোর-৫ আসনের সাবেক এমপি ও সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, যশোর-২ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, যশোর-৩ আসনের সাবেক এমপি কাজী নাবিল আহমেদসহ আরও অনেকে। এছাড়া জেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীর নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা রাতে সংগঠিত হয়ে সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল করেন— এমন অভিযোগের ভিত্তিতেই এ মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
যশোরে সাবেক এমপি মন্ত্রীসহ ৪০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ জনের বিরুদ্ধে মামলা
Share
Read more