যশোর অফিস
পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, সংক্ষিপ্ত আলোচনা ও পুষ্টি মেলার আয়োজন করা হয়।
বুধবার (২৯ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ (এনএফটি) আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। এদিন প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অদম্য একাত্তর সংলগ্ন সড়ক হয়ে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রায় শিক্ষার্থীরা পুষ্টি বিষয়ক নানা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করে।
শোভাযাত্রা শেষে যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজ মাঠে পুষ্টি মেলার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। মেলায় বিএমআই নির্ণয়, ডায়েট চার্ট প্রদানসহ সুস্থ জীবনযাপনের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।
শোভাযাত্রার শুরুতে সংক্ষিপ্ত আলোচনায় উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা বর্তমান সময়ের একটি বড় চ্যালেঞ্জ। পুষ্টিহীনতা ও অতিরিক্ত পুষ্টির সহাবস্থান দূর করতে দক্ষ জনবল গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে সুষম খাদ্যাভ্যাস গড়ে তুলে সুস্থ ও মেধাবী জাতি গঠনে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইমরান খান, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাসিম রেজা, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শিরীন নিগারসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।