স্বপ্নের ব্র্যাক প্রকল্প’ নামে প্রতারণার অভিযোগ: প্রায় ৩ কোটি টাকা আত্মসাৎ

Share

যশোর প্রতিনিধি:
যশোরসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলায় ‘স্বাস্থ্য স্যানিটেশন ও আবাসন প্রকল্প (স্বপ্নের ব্র্যাক)’ নামে একটি ভুয়া প্রকল্পের মাধ্যমে প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা এ অভিযোগ করেন। তারা জানান, ঘর নির্মাণ, টিউবওয়েল, সৌরবিদ্যুৎ, সেলাই মেশিন ও স্বল্পমূল্যে পণ্য দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা নেওয়া হয়েছে।
ভুক্তভোগীদের দাবি, লিমা খাতুনের কাছ থেকে ৭ লাখ, স্বপ্না সুলতানার কাছ থেকে ১৬ লাখ, সালমা বেগমের কাছ থেকে ১৫ লাখ, বেবীর কাছ থেকে ১০ লাখ, ইতি খাতুনের কাছ থেকে ১২ লাখ, সাফিয়া বেগমের কাছ থেকে ১৪ লাখ, সাধনা সরকারের কাছ থেকে ১৩ লাখসহ আরও অনেকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে।
এছাড়া ১০ হাজার কার্ডের বিপরীতে প্রায় ৩০ লাখ টাকা এবং ব্যাংক অ্যাকাউন্ট খোলার নামে প্রায় ১৩ লাখ টাকা আদায়ের অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, টাকা নেওয়ার পর কোনো প্রকল্প বাস্তবায়ন করা হয়নি। বরং টাকা ফেরত চাইলে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং মিথ্যা মামলার হুমকি দেওয়া হচ্ছে।
তারা দ্রুত তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং টাকা ফেরতের দাবি জানিয়েছেন। এ ঘটনায় জেলা প্রশাসক ও মনিরামপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

Read more