নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দরের কর্মচারীরা অতিরিক্ত কাজের ভাতা পুনরায় চালুর দাবিতে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।
জানা গেছে, আগামী ১০ ও ১১ মে প্রতিদিন বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বন্দরের বিভিন্ন স্থানে এই কর্মবিরতি পালন করা হবে। ইতোমধ্যে কর্মসূচি সফল করতে বন্দরের বিভিন্ন স্থানে ব্যানার টানানো হয়েছে।
কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে অতিরিক্ত ভাতা বন্ধ থাকায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ বিষয়ে গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
উল্লেখ্য, অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে স্থলবন্দর কর্তৃপক্ষের অধীন কর্মচারীদের অতিরিক্ত ভাতা প্রদান বন্ধ করা হয়। এর পর থেকেই বেনাপোল বন্দরের কর্মচারীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।