ওয়াশিংটন হিলটন হোটেলে সাংবাদিকদের সম্মানে আয়োজিত বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে নিরাপদে রক্ষা পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘটনার পরপরই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে আইনশৃঙ্খলা বাহিনীর বীরত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে নিজের প্রতিক্রিয়া জানান তিনি।
ঘটনার পর ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে এই সন্ধ্যাটিকে ‘অদ্ভুত’ হিসেবে অভিহিত করেন। তিনি লেখেন, ‘ওয়াশিংটন ডিসিতে অদ্ভুত এক সন্ধ্যা গেল। সিক্রেট সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী অসাধারণ কাজ করেছে। তারা দ্রুত ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছে। বন্দুকধারীকে আটক করা হয়েছে।’
তিনি আরও উল্লেখ করেন যে, তিনি অনুষ্ঠানটি চালিয়ে যাওয়ার পক্ষপাতী ছিলেন, তবে আইনশৃঙ্খলা বাহিনীর সিদ্ধান্তই ছিল চূড়ান্ত। পরিকল্পনা অনুযায়ী সন্ধ্যাটি না কাটায় তিনি এটি পুনরায় আয়োজনেরও ইঙ্গিত দেন।
শনিবার রাতে যখন অনুষ্ঠানটি পূর্ণ গতিতে চলছিল, তখনই হোটেলের ব্যাংকুয়েট হলের ভেতর বিকট গুলির শব্দ শোনা যায়। সেই সময় প্রেসিডেন্ট ট্রাম্প ডিনার টেবিলে বসে অতিথিদের সঙ্গে আলাপ করছিলেন। শব্দ হওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই সিক্রেট সার্ভিসের সদস্যরা তাকে ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে ঘিরে ধরেন এবং দ্রুত মঞ্চ থেকে সরিয়ে নিয়ে যান। এই আকস্মিকতায় অনুষ্ঠানে উপস্থিত নামী সাংবাদিক ও তারকাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, এক বন্দুকধারী হোটেলে প্রবেশ করে গুলি চালিয়েছিল। স্থানীয় পুলিশের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। কিছু সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, হামলাকারীকে লক্ষ্য করে পাল্টা গুলি চালানো হয়েছে। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ওউজা জিয়াং জানিয়েছেন, নিরাপত্তা তল্লাশি শেষে ডিনার পুনরায় শুরু করার কথা ভাবা হচ্ছে।
এই বার্ষিক নৈশভোজটি হোয়াইট হাউসে কর্মরত সাংবাদিকদের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি আয়োজন। প্রতি বছরের মতো এবারও মিডিয়া জগতের উজ্জ্বল নক্ষত্র ও রাজনৈতিক ব্যক্তিত্বরা এখানে উপস্থিত ছিলেন। এ ধরনের উচ্চ-নিরাপত্তার স্থানে বন্দুক হামলার ঘটনাটি এখন তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে। প্রেসিডেন্ট এবং মেলানিয়া ট্রাম্প বর্তমানে সম্পূর্ণ সুস্থ ও সুরক্ষিত আছেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।