যশোর প্রতিনিধি:
যশোর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের প্রথম দিন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) সকাল ৮টায় যশোর পুলিশ লাইন্সে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষার মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।
জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম (সেবা)-এর সভাপতিত্বে এ কার্যক্রম পরিচালিত হয়। তিনি দিনের শুরুতেই পুলিশ লাইন্সের মূল ফটকে উপস্থিত হয়ে প্রার্থীদের শারীরিক মাপ গ্রহণ প্রক্রিয়া সরেজমিনে পরিদর্শন করেন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় পুলিশ সুপার উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য দেন। তিনি জানান, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হবে। কোনো ধরনের দালাল বা প্রতারক চক্রের সঙ্গে যোগাযোগ না করার জন্য প্রার্থীদের সতর্ক করেন তিনি।
প্রথম দিনের কার্যক্রমে প্রার্থীদের শারীরিক মাপ গ্রহণ ও কাগজপত্র যাচাই শেষে উত্তীর্ণদের নিয়ে ব্রিফিং করা হয়। আগামী দিনের পরীক্ষার প্রস্তুতি ও করণীয় সম্পর্কে তাদের বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়।
এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা থেকে আগত প্রতিনিধিবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, টিআরসি নিয়োগ প্রক্রিয়া ধাপে ধাপে সম্পন্ন হবে এবং প্রতিটি ধাপে স্বচ্ছতা বজায় রাখতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
যশোরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)নিয়োগের প্রথম দিন সম্পন্ন
Share
Read more