যশোর প্রতিনিধি:
যশোরের চৌগাছায় কাঁঠালের ভেতরে লুকিয়ে অভিনব কায়দায় মাদক পরিবহনের সময় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪০ বোতল অবৈধ ভারতীয় মাদকদ্রব্য উইনসেরেক্স (Wincerex) সিরাপ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বুধবার (২২ এপ্রিল ২০২৬) ভোর আনুমানিক ৬টার দিকে চৌগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ মামুনূর রশিদ, পিপিএম-এর নেতৃত্বে এসআই জি.এম ইমরান হোসেন রাজুসহ একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানটি চৌগাছা থানাধীন বিশ্বাসপাড়া এলাকায়, চৌগাছা-যশোর সড়কের ফিলিং স্টেশনের সামনে পরিচালিত হয়।
এ সময় সন্দেহভাজন মোঃ আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক ব্যক্তিকে তল্লাশি করে কাঁঠালের খোসার ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ৪০ বোতল মাদক সিরাপ পাওয়া যায়। পরে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক যশোর জেলার চৌগাছা উপজেলার সিংহঝুলি গ্রামের মৃত ওমর আলী খাঁর ছেলে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
গ্রেফতারকৃত আসামিকে একই দিন আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চৌগাছা থানা পুলিশ জানায়, মাদক নির্মূলে সার্বক্ষণিক কাজ করেযাবে।