সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী তালিকায় সাবিরা সুলতানা

Share

যশোর অফিস 
 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হওয়া সাবিরা সুলতানা (মুন্নি)কে সংরক্ষিত নারী আসনের প্রার্থী করেছে বিএনপি। সোমবার দলটির প্রেস উইং সূত্রে প্রকাশিত প্রার্থী তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
সাবিরা সুলতানা ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি। তার স্বামী নাজমুল ইসলাম অতীতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে রাজধানী থেকে অপহরণের পর গুমের শিকার হন। পরে গাজীপুরে সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নাজমুল ইসলাম ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ও যশোর জেলা কমিটির অর্থবিষয়ক সম্পাদক ছিলেন।
স্বামীর হত্যার পর গৃহবধূ থেকে রাজনীতিতে সক্রিয় হন সাবিরা সুলতানা। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। সর্বশেষ ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি জামায়াত সমর্থিত প্রার্থীর কাছে পরাজিত হন। পরাজয়ের পর তিনি দলের অভ্যন্তরীণ বিরোধকে দায়ী করলেও সংশ্লিষ্ট নেতারা তা অস্বীকার করে প্রার্থীর দুর্বলতাকেই কারণ হিসেবে উল্লেখ করেন।
বিএনপির প্রকাশিত তালিকায় আরও রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, কেন্দ্রীয় কমিটির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা, সহপ্রশিক্ষণবিষয়ক সম্পাদক রেহেনা আক্তার রানু, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, মহিলা দলের সাধারণ সম্পাদক বিলকিস ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বেশ কয়েকজন নেতা।
জানা গেছে, সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পেতে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সাত শতাধিক আবেদন জমা পড়ে। গত ১৭ এপ্রিল থেকে প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করে দলটির মনোনয়ন বোর্ড।
আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদে মোট ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে। সাধারণ আসনের অনুপাতে এসব আসন বণ্টন করা হয়। সেই হিসাবে বিএনপি জোট পাবে ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্রদের জন্য থাকবে একটি আসন।

Read more