যশোর কেন্দ্রীয় কারাগারে ৬০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু 

Share

যশোর অফিস 
যশোর কেন্দ্রীয় কারাগারে আখতারুজ্জামান বাবুল ওরফে কুবরা বাবুল (৫৫) নামে ৬০ বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। তার কয়েদি নম্বর- ৯২৪৫/এ।
আজ শুক্রবার (১৭এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে অসুস্থ অবস্থায় কারাগার থেকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত আখতারুজ্জামান বাবুল নড়াইল সদর উপজেলার ভুয়াখালি গ্রামের লাল মিয়া বিশ্বাসের ছেলে।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ জানান, বাবুল পৃথক দুটি অস্ত্র মামলায় ৩০ বছর করে ৬০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। ২০২৫ সালের ২৫ নভেম্বর তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠায় আদালত। আজ শুক্রবার সন্ধ্যায় তার বুকে যন্ত্রনা শুরু হয়। এসময় তাকে জেনারেল হাসপাতালে পাঠানো হয়। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
জেলার আরো জানান, বাবুলের বিরুদ্ধে অস্ত্র মামলা ছাড়াও আরো ৬টি মামলা বিচারাধীন রয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুবাইদা আক্তার বলেন, কারাগার থেকে বাবুল নামে এক কয়েদীকে আনা হয়েছিলো। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Read more