যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে বিজিবি সদস্য নিহত,আহত ১

Share

যশোর প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) বিকাল ৪টার দিকে উপজেলার বেনেয়ালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিপাহী মহিউদ্দিন (২৪) বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের পার্বতীপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম শহীদ হাজী। তিনি বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর একজন কর্মরত সদস্য ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার, সহকর্মী ও স্থানীয়দের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পারিবারিক সূত্রে জানা যায়, এক পরিচিত ব্যক্তির মাধ্যমে ইতালিতে অবস্থানরত এক স্বজনের কাছে কিছু জিনিস পাঠানোর উদ্দেশ্যে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন মহিউদ্দিন। সম্প্রতি দেশে ফেরা এক প্রবাসীর মাধ্যমে সেই জিনিস পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু নিয়তির নির্মম পরিহাস—গন্তব্যে পৌঁছানো আর হয়নি, পথেই ঝরে গেল তার প্রাণ।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন কামরুজ্জামান নান্টু (২৮)। তিনি একই উপজেলার বন্দবিলা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মুরাদ বিশ্বাস। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন দুইজন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিপাহী মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর এলাকায় শোকের মাতম ছড়িয়ে পড়ে। স্বজনদের আহাজারি ও সহকর্মীদের শোকে ভারী হয়ে ওঠে পরিবেশ। স্থানীয়রা সড়কে যানবাহনের বেপরোয়া গতির জন্য ক্ষোভ প্রকাশ করেন এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন যেহেতু ঘটনাটি হাইওয়েতে ঘটেছে নাভারন হাইওয়ে পুলিশ বিষয়টি দেখছেন।
নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) গোপাল কর্মকার ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন পিকাপটি ঝিকরগাছা থানায় আটক আছে।

Read more