যবিপ্রবিতে আন্তঃহল হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু

Share

যশোর অফিস 
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আন্তঃহল হ্যান্ডবল প্রতিযোগিতা ২০২৬ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে শনিবার (১১ এপ্রিল) বিকেলে।
বিকেল সাড়ে ৩টায় যবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।
এবারের প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের চারটি হল— শহীদ মসিয়ূর রহমান হল, মুন্সী মেহেরুল্লাহ হল, তাপসী রাবেয়া হল এবং বীরপ্রতীক তারামন বিবি হলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। আগামীকাল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বলেন, যবিপ্রবি শিক্ষার পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। খেলাধুলায় ধারাবাহিক সাফল্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি অন্যান্যদের তুলনায় এগিয়ে রয়েছে। তিনি অংশগ্রহণকারী খেলোয়াড়দের খেলোয়াড়সুলভ মনোভাব বজায় রাখার আহ্বান জানান এবং ভবিষ্যতে ক্রীড়াক্ষেত্রে আরও সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শরীরচর্চা শিক্ষা দপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ-হেল কাফি ও সহকারী পরিচালক আব্দুল ওয়াহেদ বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত ছিলেন প্রতিযোগিতার পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মো. হামিদুর রহমান, মুন্সী মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মো. আব্দুর রউফ সরকার, বীরপ্রতীক তারামন বিবি হলের প্রভোস্ট ড. মোছা. আফরোজা খাতুন, সহকারী পরিচালক (ফিজিক্যাল) উজ্জ্বল চন্দ্র সূত্রধর, ফিজিক্যাল ইন্সট্রাক্টর মো. শাহিনূর রহমান, মো. জাহাঙ্গীর আলমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের ফিজিক্যাল ইন্সট্রাক্টর মো. রায়হান রাকিব।

Read more