ফেসবুক পেজে প্রতারণা: চক্রের প্রধান গ্রেফতার উদ্ধার একাধিক মোবাইল ফোন

Share

যশোর অফিস
যশোরের অভয়নগর থানায় দায়ের করা একটি সাইবার প্রতারণা মামলার তদন্তে জড়িত প্রতারক চক্রের প্রধানকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত একাধিক মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, অভয়নগর থানার সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এর ২১(২)/২২(২)/২৪(২)/২৭(২) ধারায় দায়ের করা হয়। মামলার বাদী আকিজ সিটির একজন অ্যাডমিন অফিসার। যশোর জেলার নওয়াপাড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের দুর্গাপুরে অবস্থিত আকিজ সিটির সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র ফেসবুক পেজ ব্যবহার করে প্রতারণা চালিয়ে আসছিল।
তারা গত ২১ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ সময়ের মধ্যে “২৭২ পিসের ডিনার সেট মাত্র ৩৫৫০ টাকায়” দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন গ্রাহকের সঙ্গে যোগাযোগ করে। নিজেদের আকিজ সিটির লোক পরিচয় দিয়ে বিকাশের মাধ্যমে ৫৫০ টাকা অগ্রিম নিয়ে অর্ডার নিশ্চিত করত এবং পরে ভুয়া ভাউচার সরবরাহ করত। এভাবে প্রায় ১০২০ জনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে আনুমানিক ৫ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করে চক্রটি।
ডিবি পুলিশ জানায়,আধুনিক প্রযুক্তির সহায়তায় তথ্য বিশ্লেষণ করে ১০ এপ্রিল ২০২৬ সকাল সাড়ে ৯টার দিকে যশোর ডিবির এসআই শিবু মণ্ডলের নেতৃত্বে একটি দল নড়াইল জেলার কালিয়া থানার পেড়লী ইউনিয়নের খড়রিয়া গ্রামে অভিযান চালায়। সেখান থেকে চক্রের প্রধান মো. মোস্তাক আহমদ (৫২)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তার দেখানো মতে বাড়ির শয়নকক্ষ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন ৫ স্টার, ৫ স্টার ব্ল্যাক, অপ্পো এ১৭ ও অপ্পো এ৫৭ উদ্ধার করে পুলিশ।
প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Read more