যশোর প্রতিনিধি
যশোরের মণিরামপুর উপজেলায় জমি বিক্রিতে বাধা প্রদান এবং ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ দুইজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভুক্তভোগী কাপড় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম এ মামলা করেন।
মামলার আসামিরা হলেন—উপজেলার বলিয়ানপুর গ্রামের মৃত মোহাম্মদ আকবার আলীর ছেলে ও জামজামি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা এবং তার ভাই শাহজাহান সিরাজ। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে। আদালত অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তিনি বলিয়ানপুর মৌজায় তার পৈতৃক ও ক্রয়কৃত জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। পারিবারিক প্রয়োজনে তিনি ওই জমির ১০ শতাংশ বিক্রির জন্য ৫০ হাজার টাকা বায়না নেন। এরপর থেকেই আসামিরা জমি বিক্রির ক্ষেত্রে বাধা দিতে থাকেন এবং বিক্রির শর্ত হিসেবে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।
অভিযোগে আরও বলা হয়, গত ৩ এপ্রিল সকালে আসামিরা বেআইনিভাবে বাদীর বাড়িতে প্রবেশ করে তাকে জমি বিক্রি না করার জন্য চাপ প্রয়োগ করে। এ সময় চাঁদা না দিলে তাকে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করার হুমকি দেওয়া হয়। পরে নিরাপত্তাহীনতায় ভুগে বাদী আদালতের শরণাপন্ন হন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।