যশোরে হজ প্রশিক্ষণ ২০২৬ অনুষ্ঠিত

Share

যশোর অফিস 
পবিত্র হজকে সামনে রেখে যশোরে হজ প্রশিক্ষণ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র যশোর এ আয়োজিত এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক হজযাত্রী, ইমাম, খতিব ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।
হজের সঠিক নিয়ম-কানুন, স্বাস্থ্য সচেতনতা ও সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করতে ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয় এ প্রশিক্ষণের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান। তিনি বলেন, হজ শুধু একটি ধর্মীয় ইবাদত নয়, এটি শৃঙ্খলা ও প্রস্তুতির বিষয়। সঠিক জ্ঞান, শারীরিক সক্ষমতা ও মানসিক প্রস্তুতি ছাড়া হজ পালন কঠিন। সরকার হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর বলেও তিনি জানান।
ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মোহাম্মদ মাসুম বিল্লাহ। তিনি হজযাত্রীদের ভ্রমণ সংক্রান্ত প্রস্তুতি, দলগত চলাচল, লাগেজ ব্যবস্থাপনা ও নিরাপত্তা বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন।
প্রশিক্ষণে ধর্মীয় দিকনির্দেশনা দেন যশোর আমিনিয়া আলিয়া মাদ্রাসা এর অধ্যক্ষ মাওলানা মোঃ সাখাওয়াত হোসেন। তিনি হজের বিভিন্ন ধাপ—ইহরাম, তাওয়াফ, সাঈ, আরাফাত, মুজদালিফা ও জামারাতে পাথর নিক্ষেপ—সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং নিয়ম মেনে হজ পালনের গুরুত্ব তুলে ধরেন।
স্বাস্থ্য বিষয়ক দিক তুলে ধরেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোঃ আমিরুজ্জামান। তিনি হজযাত্রীদের টিকা গ্রহণ, খাদ্যাভ্যাস, পানীয় গ্রহণ ও অতিরিক্ত গরমে করণীয় বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন।
প্রশিক্ষণে চিত্র ও ভিডিও উপস্থাপনার মাধ্যমে হজের বিভিন্ন ধাপ তুলে ধরা হয় এবং হাতে-কলমে অনুশীলনের সুযোগ দেওয়া হয়। এছাড়া ফ্লাইট সময়সূচি, সৌদি আরবে অবস্থান, পরিবহন ব্যবস্থা ও জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়েও আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে হজ গাইড ও প্রয়োজনীয় তথ্যপত্র বিতরণ করা হয়।
অংশগ্রহণকারীরা প্রশিক্ষণটিকে কার্যকর ও সময়োপযোগী বলে মন্তব্য করেন। তারা জানান, এতে হজের প্রস্তুতি নিতে তারা আরও আত্মবিশ্বাসী হয়েছেন।
সমাপনী বক্তব্যে সভাপতি বিল্লাল বিন কাশেম বলেন, ইসলামিক ফাউন্ডেশন হজযাত্রীদের সার্বিক সহযোগিতায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ধর্মীয়, প্রশাসনিক ও স্বাস্থ্যগত দিকের সমন্বয়ে এ প্রশিক্ষণ যশোরের হজযাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

Read more