মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা, এমনকি তা রীতিমতো মিমে পরিণত হয়েছে। আর তাতে যোগ দিয়েছে ইরানও।
গত রবিবার (৫ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছিলেন, ‘মঙ্গলবার হবে ইরানের পাওয়ার প্ল্যান্ট ও সেতু ধ্বংসের দিন। নজীরবিহীন ঘটনা ঘটবে! প্রণালী খুলে দাও পাগলের দল নইলে তোমাদের নরকে যেতে হবে’। পোস্টের শেষে তিনি ‘নিশ্চয়ই সমস্ত প্রশংসা আল্লাহর’ কথাটি উল্লেখ করেন।
এই অস্বাভাবিক ও কঠোর ভাষার বার্তা সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে পড়ে। অনেকেই বিস্ময় প্রকাশ করেন, এমনকি কিছু রক্ষণশীল মহলেও সমালোচনা দেখা যায়। সাবেক কংগ্রেস সদস্য থেকে সাধারণ ব্যবহারকারী অনেকে এই পোস্টকে কেন্দ্র করে ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। অনেকেই নিজেদের টুইটের শেষে ‘নিশ্চয়ই সমস্ত প্রশংসা আল্লাহর’ বাক্যটি ব্যবহার করতে থাকেন। এছাড়া কিছু নাগরিক ট্রাম্পের পোস্টের ভাষা ব্যবহার করে প্রচলিত অনেক ঘটনার বিদ্রূপাত্মক বর্ণনা করতে শুরু করেন।
তবে সবচেয়ে আলোচিত প্রতিক্রিয়া আসে বিভিন্ন দেশে অবস্থিত ইরানি দূতাবাসগুলোর পক্ষ থেকে। জিম্বাবুয়ের ইরানি দূতাবাস সামাজিক মাধ্যমে পোস্ট করে, ‘শসসস চুপ… আমরা চাবি হারিয়ে ফেলেছি।’ জবাবে দক্ষিণ আফ্রিকার ইরানি দূতাবাস লেখে, ‘চুপ… ফুলের টবের নিচে চাবি আছে, শুধু বন্ধুরা খুলতে পারবে।’ অন্যদিকে যুক্তরাজ্যের ইরানি দূতাবাস মার্ক টোয়েনের উদ্ধৃতি দিয়ে লিখেছে, ‘চুপ থাকলে মানুষ আপনাকে বোকা ভাবতে পারে, কিন্তু মুখ খুললে সেই সন্দেহও দূর হয়ে যায়।’
সব মিলিয়ে, ট্রাম্পের এই হুমকিমূলক পোস্টকে কেন্দ্র করে অনলাইনে তৈরি হয়েছে ব্যঙ্গ-বিদ্রূপের ঢেউ। পরিস্থিতি দেখে অনেকে মনে করছেন, অন্তত আপাতত ইরান তেমন ভীত নয়। তবে নির্ধারিত সময়সীমা শেষে পরিস্থিতি কোন দিকে গড়ায়, সেটাই এখন দেখার বিষয়।