যেখানে কেউ পৌঁছায়নি, সেখানে এখন নাসার ৪ নভোচারী

Share

মহাকাশ জয়ের ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ‘আর্টেমিস-২’ মিশন। পৃথিবী থেকে সবচেয়ে দূরবর্তী স্থানে পৌঁছে মানব মহাকাশযাত্রার দীর্ঘ ৫৬ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন এই মিশনের চার নভোচারী।

অভিযান চলাকালীন ৪ নভোচারীকে বহনকারী মহাকাশযানটি চাঁদের উল্টো পিঠ বা অন্ধকার অংশ অতিক্রম করে। এ সময় মহাকাশ বিজ্ঞানের জটিল সমীকরণে পৃথিবী থেকে যানটি সম্পূর্ণ আড়ালে চলে যাওয়ায় প্রায় ৪০ মিনিটের জন্য নাসার হিউস্টন মিশন কন্ট্রোলের সাথে নভোচারীদের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে সফলভাবে চাঁদের অপর প্রান্ত ঘুরে আসার পর তারা পুনরায় পৃথিবীর সাথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হন।

পরিসংখ্যান অনুযায়ী, গ্রিনিচ মান সময় (GMT) সোমবার বিকেল ৩টা ৫৮ মিনিটে আর্টেমিস-২ এর নভোচারীরা পৃথিবী থেকে সর্বোচ্চ দূরত্বে অবস্থান করছিলেন। ওই সময় পৃথিবী থেকে তাদের দূরত্ব ছিল প্রায় ৪ লাখ ৬ হাজার ৭৮৮ কিলোমিটার (প্রায় ২ লাখ ৫২ হাজার ৭৬০ মাইল)। এর আগে ১৯৭০ সালে নাসার ‘অ্যাপোলো-১৩’ মিশনের নভোচারীরা ৪ লাখ ১৭১ কিলোমিটার দূরত্বে পৌঁছে রেকর্ড গড়েছিলেন। আর্টেমিস-২ মিশন সেই রেকর্ডটি আনুষ্ঠানিকভাবে নিজের করে নিল।

বিশেষজ্ঞদের মতে, এই মিশনটি কেবল একটি রেকর্ড নয়, বরং গভীর মহাকাশ গবেষণায় মানুষের সক্ষমতার বড় প্রমাণ। চাঁদের এই দুর্গম পথ পাড়ি দেওয়ার অভিজ্ঞতা ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানব মিশন পাঠানোর পরিকল্পনাকে আরও সহজ ও নিরাপদ করে তুলবে। নাসার এই অভাবনীয় সাফল্যে বিশ্বজুড়ে মহাকাশ বিজ্ঞানে নতুন আশার আলো দেখা দিচ্ছে।

Read more