যশোরে বিদেশি পিস্তল ও গুলিসহ মোবাইল সার্ভিসিং সেন্টারের মালিক আটক

Share

যশোর অফিস
যশোর শহরে বিদেশি পিস্তল ও গুলিসহ আলী হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার (৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে শহরের সন্ধানী সুপার মার্কেটে একটি মোবাইল সার্ভিসিং সেন্টারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আলী হোসেন ওই মার্কেটের ‘তন্বী ইলেকট্রনিকস’ নামে একটি মোবাইল মেরামতের দোকানের মালিক। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কোটা গ্রামের আবু মুছার ছেলে।
ডিবি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর সুজন কুমার মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই অলোক কুমারের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় দোকানটিতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অবৈধ অস্ত্র রাখার দায়ে ঘটনাস্থল থেকেই আলী হোসেনকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তবে স্থানীয় ব্যবসায়ীরা দাবি করেছেন, আলী হোসেন ষড়যন্ত্রের শিকার। তাদের অভিযোগ, জনৈক এক ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে দোকানে অস্ত্র রেখে পুলিশকে খবর দিয়ে তাকে ফাঁসিয়ে দিয়েছে। এ সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও তারা জানান।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে আটক আলী হোসেনের মুক্তির দাবি জানিয়েছেন।

Read more