যশোর অফিস
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববি
দ্যালয়ে (যবিপ্রবি) ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে আন্তঃহল বাস্কেটবল প্রতিযোগিতা ২০২৬। বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তরের আয়োজনে সোমবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় যবিপ্রবি বাস্কেটবল কোর্টে এ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। অনুষ্ঠানে তিনি বলেন, যবিপ্রবি বাংলাদেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়, যা গবেষণার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও সমানভাবে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. শাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আন্তঃহল বাস্কেটবল প্রতিযোগিতা ২০২৬ এর পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মো. হামিদুর রহমান এবং উপ-পরিচালক মো. আব্দুল্লাহ-হেল কাফি।
এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হল—শহীদ মসিয়ূর রহমান হল, মুন্সী মেহেরুল্লাহ হল ও কবি গোলাম মোস্তফা হলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। আগামীকাল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সী মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মো. আব্দুর রউফ সরকার, শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক আব্দুল ওয়াহেদ, ফিজিক্যাল ইন্সট্রাক্টর মো. শাহিনূর রহমান, মো. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিজিক্যাল ইন্সট্রাক্টর মো. রায়হান রাকিব।