কেশবপুরে ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান, দুইজনকে জরিমানা

Share

যশোর অফিস 
যশোরের কেশবপুর উপজেলায় ভেজাল দুধ তৈরির অভিযোগে একটি কারখানায় যৌথ অভিযান চালিয়ে দুইজনকে মোট ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, যশোর ও র‍্যাব-৬।
সোমবার (০৬ এপ্রিল ২০২৬) দুপুরে উপজেলার ৯নং গৌরীঘোনা ইউনিয়নের ভেরচি ঘোষপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জরিমানা প্রাপ্তরা হলেন অনাথ ঘোষের ছেলে অপু ঘোষ, যাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং নকুল ঘোষের ছেলে গোবিন্দ ঘোষ, যাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের বাড়ি একই এলাকার ভেরচি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে জেলি,তেল ও বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করে ভেজাল দুধ তৈরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভেজাল দুধ তৈরির সময় তাদের হাতেনাতে ধরা হয়।
এ সময় কারখানা থেকে বিপুল পরিমাণ জেলি, তেল ও কেমিক্যাল জব্দ করা হয় এবং সেগুলো তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Read more